২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০১ সদস্যবিশিষ্ট পহেলা বৈশাখ উদযাপন জাতীয় পরিষদ গঠন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ১৪ এপ্রিল বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ লক্ষ্যে প্রখ্যাত কবি শামসুর রাহমানকে আহ্বায়ক করে ১০০১ সদস্যের পহেলা বৈশাখ উদ্যাপন জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রা নামে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হবে। মিছিলটি ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হবে।

এ উপলক্ষ্যে বৈশাখ উদ্যাপন পরিষদের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলা একাডেমী ও চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গণে প্রতিবছর আয়োজিত বৈশাখের অনুষ্ঠান কয়েক শত লোককে আকৃষ্ট করে আসছে।

এছাড়া পহেলা বৈশাখের ভোর থেকে রমনা বটমূলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাংলা নববর্ষকে বরণ করতে রমনা পার্কে সমবেত হয়। রমনা পার্কের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে এক উৎসবে রূপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈশাখ উদ্যাপন জাতীয় পরিষদের সদস্য রামেন্দু মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ এবং গোলাম কুদ্দুছ।