সিসিসি নির্বাচন পর্যবেক্ষণে বিদেশী দূতাবাস কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে চট্টগ্রাম আওয়ামী লীগ
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে সরকার পক্ষ অবৈধ পন্থা অবলম্বন করতে পারে, এই আশংকায় চট্টগ্রাম আওয়ামী লীগ বিদেশী দূতাবাস কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানাবে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রশাসনকে কাজে লাগানোর বিষয়টি ব্যাপক ভাবে অলোচনা করা হয় মহানগর আওয়ামী লীগের ৬ এপ্রিল’র বর্ধিত সভায়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এমএ মান্নান বিডিনিউজকে বলেন, তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের ভূমিকার কারণে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তা নিয়ে আমরা সন্দিহান। প্রশাসনের দমন পীড়নমূলক আচরণ বন্ধ না করলে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে?
মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকে পুলিশ ও অন্যান্য সংস্থা বিশ জন আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তারা মূলত জোটের মেয়র প্রার্থীর প্রতিহিংসার শিকার।
মেয়র মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনার জন্য গঠিত নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আবু ইউসুফ বলেন, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আমরা বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো।
