২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতার কারণে রফতানি বাণিজ্যে সংকট

আমদানিকারক দেশগুলোর বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশ থেকে রফতানি করা পাটজাত পণ্য, প্রসাধন সামগ্রী, ওষুধ, হিমায়িত খাদ্য এবং অন্যান্য রফতানিযোগ্য পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের রফতানিকারকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

রফতানিকারকরা বলছেন, বিভিন্ন দেশের শুল্ক বহির্ভূত বাধার কারণে ভারত, পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং উত্তর আমেরিকায় বাংলাদেশী পণ্য রফতানি করা কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, অধিকাংশ দেশেই আমাদের উৎপাাদিত পণ্য সামগ্রীর গুনাগুণ নিয়ে কোনও প্রশ্ন তোলা না হলেও আমদানিকারক দেশগুলো উচ্চহারে নিবন্ধন খরচ আরোপ করছে। ফলে স্থানীয় রফতানিকারকরা উচ্চ নিবন্ধন খরচ দিতে পারছে না।

তিনি বলেন, রাশিয়ায় যেকোনও একটি ওষুধ  রফতানি করতে নিবন্ধন খরচ লাগে ২২ হাজার মার্কিন ডলার।

সম্প্রতি বাংলাদেশ সার্কভুক্ত দেশছাড়াও ভিয়েতনাম, হংকং, ইয়েমেন, কেনিয়া এবং ইউক্রেনে ওষুধ রফতানি করছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের নিবন্ধন পাওয়া খুবই কঠিন। কেননা আইন করে তারা বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিয়ন্ত্রিত রেখেছে।

মেট্রোপলিটান চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) একজন কর্মকর্তা বলেন, এমনকি ভারতে বাংলাদেশি পণ্য রফতানিতে বাংলাদেশী রফতানিকারকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি পার্কিং সুযোগ সুবিধা এবং সময় মত কাস্টমস কর্মকর্তাদের না পাওয়ার কথা উল্লেখ করেন।  এছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার বাজারে ফাইটো-স্যানেটারি ব্যবস্থার কারণে হিমায়িত পণ্য সামগ্রী রফতানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) গবেষণা কর্মকর্তা রফিকুল হাসান সিদ্দিকী বলেন, ট্যারিফ কমিশন শুল্ক বহির্ভূত বাধা সমূহ চিহ্নিত করতে একটি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, ট্যারিফ কমিশন এজন্য রফতানিকারক ও  সংশ্লিষ্ট সংস্থাসমূহকে এ ব্যাপারে একটি  চিঠি দিয়েছে এবং তারা কি ধরনের শূল্ক বহির্ভূত সমস্যার সম্মুখীন হচ্ছে তা জানানোর জন্য অনুরোধ করেছে।

তিনি জানান, ট্যারিফ কমিশন ২০০৩ সালে এ ব্যাপারে একটি সমীক্ষা চালিয়েছিলো। তবে বর্তমান সমীক্ষায় কৃষি ও কৃষি বহির্ভূত পণ্য সামগ্রীকে অন্তর্ভুক্ত করা হবে।

রফিকুল হাসান বলেন, এই তথ্যগুলো থাকলে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার সময়  রফতানিকারকদের এসব সমস্যা তুলে ধরা যায়।

এর আগে গত সমীক্ষায় ভারত, কানাডা এবং অন্যান্য দেশগুলোতে পাটজাত পণ্য রফতানির প্রতিবন্ধকতার ক্ষেত্রে প্যাকেজিং সুযোগ সুবিধা, ফাইটো-স্যানেটারি ব্যবস্থাপনা, স্পেশাল সার্টিফিকেট অব অরিজিন, কাস্টমস মূল্যায়ন, হস্তান্তর পূর্ব তদারকির কারণে পাটআঁশ রফতানি বাধার সম্মুখীন হচ্ছে। প্রকারান্তরে অতিরিক্ত সময় বেশি লাগে এবং অন্যান্য খরচের পরিমাণও বেড়ে যায়। 

ওষুধ রফতানির ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, নিবন্ধন সংক্রান্ত জটিলতা, প্রতিটি আলাদা ওষুধ রফতানির ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্টিফিকেট, বাজারজাতকরণের অসুবিধা, ঋণপত্র খুলতে বা স্থাপনায় লম্বা সময় বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এর ফলে অনিয়মিত হয়ে পড়ছে ওষুধ রফতানি,হস্তান্তর প্রক্রিয়ায় সময় লাগছে এবং বাড়িয়ে দিচ্ছে রফতানিকারকদের খরচ।