পুলিশের গুলিতে সর্বহারা দলের আঞ্চলিক নেতাসহ নিহত ২
নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের আঞ্চলিক নেতা ১০৪ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওলিয়ার (৩৮) ও তার সহযোগী নবাব (৩৫) বৃহস্পতিবার গভীররাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
মাগুরা সহকারী পুলিশ সুপার আলমের নেতৃত্বে একটি পুলিশদল ৬ এপ্রিল বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের একটি কলা ক্ষেতে অভিযান চালিয়ে ওলিয়ার ও নবাব কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি পাইপগান, ১টি সার্টারগানসহ ২৪ রাউণ্ড রাইফেল ও বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাদেরকে মাগুরার থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অবৈধ অস্ত্র সম্পর্কিত বেশ কিছু তথ্য পাওয়া যায়। গোপন অস্ত্রের সন্ধানে তাদেরকে নিয়ে মাগুরা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীপুরের দোসতিনা গ্রামে একটি কার্লভাটের নিচে গেলে সেখানে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে। বন্দুক যুদ্ধের সময় আসামিদ্বয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়েই গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে পুলিশ জানায়।
উল্লেখ্য নিহত ওলিয়ারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপার বড়বাড়িয়া গ্রামে। তার বিরুদ্ধে পাংশায় জিআরপি হত্যা ও অস্ত্র ছিনতাইয়ের মামলাসহ ৪টি মামলা রয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। অপরদিকে নিহত নবাবের বাড়ি মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে। তার নামে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ মোট ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
