খাগড়াছড়িতে আড়াই বছরে পাঁচ জেলা প্রশাসক বদলী, প্রশাসনে অস্থিরতা, জনমনে বিরূপ প্রভাব
খাগড়াছড়িতে গত আড়াই বছরে ৫ জন জেলা প্রশাসককে বদলী করা হয়েছে। ঘন ঘন জেলা প্রশাসক বদলীর ঘটনায় প্রশাসনে তৈরি হচ্ছে অস্থিরতা, জনমনে সৃষ্টি হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০১ সালের ৬ আগষ্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে মুজিবুর রহমান হাওলাদার যোগদান করেন। তাকে ১ বছর ১ মাস ২১ দিনের মাথায় ২০০২ সালের ২৭ সেপ্টেম্বর বদলী করা হয়। এরপর জেলা প্রশাসক হিসেবে হুমায়ুন কবির খান যোগদান করেন। মহালছড়িতে আদিবাসী গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় তিনি “আমি অসহায় উপজাতীয়রা নিরুপায়’’ বক্তব্য প্রদান করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং বিতর্কিত বক্তব্যের জন্য সরকার তাকে ২০০৩ সালের ৩ অক্টোবর তাকে প্রত্যাহার করে নেয়। খুলনার জেলা প্রশাসক মাহবুবুর রহমান দায়িত্ব নিয়ে বেশ সফলতার সঙ্গে কাজ করছিলেন। এ অবস্থায় ২০০৪ সালের ২ অক্টোবর তাকে বদলী করে দেয়া হয়। মাহবুবুর রহমান বদলীর পর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল হক প্রায় ১ মাস দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সালের ১৪ অক্টোবর খাগড়াছড়ির সর্বশেষ জেলা প্রশাসক মো. গোলাম মোস্তাফা দায়িত্বভার গ্রহণের পর এই জেলার ইতিহাসে সব চেয়ে কম সময়ের ব্যবধানে বদলী হন।
২ বছর ৬ মাস ২৭ দিনের মাথায় পর পর ৫ জন জেলা প্রশাসককে বদলীর ঘটনায় জেলার সচেতন মহল চরম ক্ষোভ বিরাজ করলেও কেউ মুখ খোলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পার্বত্য জেলায় বিভিন্ন প্রশাসনিক কাঠামোসহ স্পর্শকাতর বিভিন্ন ইস্যুতে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কিছু বুঝে উঠার আগেই ঘন ঘন বদলীর ঘটনায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া ছাড়াও প্রশাসনে অস্থিরতা বিরাজ করছে। উন্নয়ন, শান্তি, সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতেও জটিলতা সৃষ্টি হচেছ।
এ ব্যাপারে সরকারের দায়িত্বশীল সূত্র একটি জানিয়ছে, ঘন ঘন বদলী নয়, জেলা প্রশাসক বদলী সরকারের রুটিন অনুযায়ী করা হয়ে থাকে। তাছাড়া বদলীর ঘটনায় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার বহিঃপ্রকাশ ঘটছে।
