২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ কাজের উদ্বোধন করেছেন, আপডেট

প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ইউনোকলের মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ কাজের উদ্বোধন করেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস প্রাকৃতিক সম্পদ। তবে তা অফুরন্ত নয়। এটি নবায়নযোগ্যও নয়। এ কারণে এর অপচয় রোধ করতে হবে। গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে গ্যাসের সিস্টেম লস কমানোর জন্য। এ জন্য তিতাস ও বাখরাবাদে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স কাজ করছে।

তিনি জানান, ২০০১ সালে সিস্টেম লস ছিলো সাত দশমিক চার শতাংশ। গত বছর জুনে এই হার চার শতাংশে নেমেছে। এই হার আরও কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, গত তিন বছর ধরে ঢাকা মহানগরীসহ বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও টাঙ্গাইলে গ্যাস সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। এ সময় তিন হাজার কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে।

তিনি জানান, গত তিন বছরে গ্যাস খাত থেকে রাজস্ব হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। একই সময়ে প্রায় পৌনে তিন লাখ নতুন গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস সম্পদ উন্নয়নে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে মৌলভীবাজার গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনোকল গত ২১ মার্চ মৌলভীবাজার থেকে গ্যাস সরবরাহ শুরু করে। এ ফিল্ড থেকে দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট সরবরাহ পাওয়া যাচ্ছে। ইউনোকল এর জালালাবাদ ফিল্ড থেকে দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করে। এছাড়াও ইউনোকল বিবিয়ানা গ্যাস ক্ষেত্র উন্নয়ন শুরু করেছে। ২০০৬ সালের শেষ নাগাদ সরবরাহ আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এবং অন্যান্যের মধ্যে জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ইউনোকল করপোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক এন্ড্রু এল. ফথর্প, সহ সভাপতি জন ডাব্লিউ প্রেটন প্রমুখ উপস্থিত ছিলেন।