২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নির্বাচন সংস্কারের দাবি অযৌক্তিক: মৌলভীবাজারের জনসভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের নির্বাচন সংস্কারের দাবি অযৌক্তিক। সঠিক সময়ে সাংবিধানিকভাবে বর্তমান প্রেসিডেন্টের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মঙ্গলবার বিএনপির মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি বর্তমানের মত তাদের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে তারা বিরোধী দলে স্থান পাবে না।  আওয়ামী লীগ সরকারে থাকতে জনগণকে সন্ত্রাস, দূর্নীতি ও শিক্ষাক্ষেত্রে নকল উপহার দিয়েছে।

বিরোধী দল আওয়ামী লীগের ঘন ঘন হরতাল ডাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কথায় কথায় আওয়ামী লীগ হরতাল দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আওয়ামী  লীগের গণবিরোধী কার্যক্রম থেকে দেশ ও জাতি মুক্তি চায়।

জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রী কে এম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী এমপি ও বিএনপি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল করীম ময়ুন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলে অথচ তাদের শাসনামলে কৃষকের জন্য কিছুই করেনি। আমরা কৃষকদের জন্য ১৪শ’ টাকা ভর্তুকি দিয়েছি। সকল সার্টিফিকেট মামলা স্থগিত করেছি।

সন্ত্রাস দমনে তার সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম একটি সন্ত্রাসমুক্ত দেশ উপহার দেবো। তার ফলশ্র“তিতে আমরা অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে সন্ত্রাস দমন করেছি। পরবর্তীতে আবারও র‌্যাব গঠন করে সন্ত্রাস নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল। কিন্তু আপনারা সংসদে না বসে রাস্তায় কেন বসছেন ?

বিরোধী দল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এ অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে আসছে, তখন বিরোধী দল বিদেশে গিয়ে আমাদের দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

এর আগে প্রধানমন্ত্রী দুপুরে মৌলভীবাজার গ্যাস ফিল্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।