প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখনও সমস্যার আবর্তে
রাজধানীতে শিক্ষা বিষয়ক এক কর্মশালায় মঙ্গলবার বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় লৈঙ্গিক বৈষম্য কমানোর ক্ষেত্রে সাফল্য আসলেও প্রাথমিক শিক্ষা ব্যাবস্থা এখনও বহু সমস্যার আবর্তে রয়েছে।
বক্তারা বলেন, পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু প্রাথমিক বিদ্যালয়ে নাম অন্তর্ভূক্ত করে না। আবার প্রতি তিনজন শিশুর মধ্যে একজন প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে না। তারা আরও বলেন, যারা প্রাশমিক শিক্ষা শেষ করেছে তাদের মধ্যে প্রতি তিন জনে একজন অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত হিসেবে বিবেচিত।
নগরীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত দু’দিনের শিক্ষা বিষয়ক এই কর্মশালার শেষ দিনে বক্তারা এ তথ্য দেন।
বেসরকারি সংস্থা ক্যামপেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে) এই কর্মশালার আয়োজন করে।
দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে তারা বলেন, প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার এখনও ৩৩ শতাংশ এবং ৩০ লাখ শিশু এখনও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। আদিবাসী, প্রত্যন্ত অঞ্চল ও প্রতিবন্ধী শিশুরাও এই শিক্ষা থেকে বঞ্চিত।
অপর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষকের অভাবও এজন্য দায়ী।
কর্মশালায় বক্তব্য রাখেন, ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, যুগ্ম প্রকল্প পরিচালক জগলুল পাশা, পিইডিপি ২ রবিন রাগেলস, এবং কমিউনিকার নির্বাহী পরিচালক অনীশ বড়–য়া।
কর্মশালায় তারা সমস্যাগুলো উত্তরণে সুপারিশমালা পেশ করে। পিইডিপি-২ প্রকল্প সফলভাবে শেষ করার জন্য সরকার এবং এনজিওগুলোর কাজের সমন্বয়ের ওপর জোর দেন।
