২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারির প্রতারণা

প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তির ভাইয়ের কাছ থেকে ঘুষ গ্রহণের পরপরই হাতেনাতে ধরা পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুস সালাম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

হাসপাতালের পরিচালক সরকার এম এ মতিন ৩০ নং ওয়ার্ড পরিদর্শনে গেলে প্রতারিত আশরাফুল তাকে ঘটনাটি জানায়। ওয়ার্ড মাস্টার আবদুস সালামের পকেট থেকে ঘুষ হিসেবে নেয়া ১৫০০ টাকা উদ্ধার করা হয়।

আশরাফুল বিডিনিউজকে জানান, গত সোমবার রাতে তার ছোট ভাই মুকুল হোসেনকে আহত অবস্থায় ঝিনাইদহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সে মারা যায়।

তিনি জানান, ডেথ সার্টিফিকেটে তার পিতার নাম ভুল থাকায় ওয়ার্ড মাস্টার সালাম তা সংশোধন করার জন্য তার কাছ থেকে দু হাজার টাকা দাবি করে।

আশরাফুল অভিযোগ করেন, নাম সংশোধন করতে হলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হবে, এই কথা বলে সালাম আমার কাছ থেকে একপ্রকার জোর করেই ১৫০০ টাকা আদায় করে।

হাসপাতাল সূত্র জানায়, আবদুস সালামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে বিভিন্ন রোগী ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই একটি লাশ হারানোর সাথে সালামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

সালামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।