রাজধানীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন
রাজধানীর লালবাগ এলাকায় মঙ্গলবার ভোরে মাদকাসক্ত এক লোক শ্বাসরোধ করে নিজ স্ত্রীকে হত্যা করেছে । নিহতের নাম সুফিয়া বেগম (২০)।
নিহতের বোন সখিনা অভিযোগ করেন, আল আমীন যৌতুকের জন্য তার বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো জানান, আল আমীন প্রায়ই টাকার জন্য তার বোনকে মারধোর করতো।
লালবাগ থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, সুফিয়ার গলায় ওড়না পেঁচানো ছিল। তার শরীরে মারাত্মক জখমের চিহ্ন ছিল বলে পুলিশ বিডিনিউজকে জানায়।
নিহতের পিতার নাম কাঞ্চন বেপারী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়।
হত্যাকান্ডের পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের বোন সখিনা বাদি হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
