২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে প্রচলিত বিধানটি সমর্থন করেন না

সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল বলেছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগের প্রচলিত বিধানকে সমর্থন করেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগের বিধানটির ব্যাপারে আমি বরাবরই আপত্তি জানিয়েছিলাম। তত্ত্ববধায়ক সরকার যদি গঠন করতেই হয়, তাহলে যে কোনও সাবেক প্রধান বিচারপতিকে এর প্রধান করা যেতে পারে।

বার্তাসংস্থা বিডিনিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর বিধান করার ফলে দেশের সর্বোচ্চ আদালতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, আমি পত্র পত্রিকায় দেখছি, তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ব্যাপারে অনেক ধরনের প্রস্তাব আসছে আবার এসবের বিরুদ্ধেও মতামত প্রকাশিত হচ্ছে।

তিনি আরও মন্তব্য করেন, যদি যে কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্ববধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনয়ন দেয়া হত তাহলে সেটাই বরং ভাল হত।

বিচারপতি মোস্তফা কামাল বলেন, বর্তমান পদ্ধতিতে কেবল মাত্র একজন ব্যক্তি, বিশেষ করে প্রধান বিচারপতির দিকেই সকলের দৃষ্টি নিবদ্ধ থাকে। যতদিন তিনি দায়িত্বে থাকেন এবং যখন তিনি অবসর নেন তখনও একই পরিস্থিতি বজায় থাকে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে মন্তব্য করা আমাদের জন্য বিব্রতকর ও অবমাননাকর। এই পরিস্থিতিতে আমি খুব মর্মাহত।