২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আলু চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে

নীলফামারী ও লালমনিরহাটে আলু চাষ ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। এরই মধ্যে জেলা দু‘টিতে আলু চাষ কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। মৌসুমের শুরুতেই বিভিন্ন স্থানে আলু তোলা ও বিক্রির ধুম পড়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

চাষীদের মতে, ভাইরাস মুক্ত টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত আলু বীজ বপন করে তারা সর্বাধিক ফলন পাচ্ছে। এতে অনেক কৃষকের ভাগ্যের চাকাও ঘুরে গেছে। তবে মৌসুমের শুরুতে চাষীরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না বলেও অনেকের অভিযোগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম,গাইবান্ধা ও রংপুর জেলায় রেকর্ড পরিমাণ প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। হেক্টর প্রতি ১২ টন আলু উৎপাদিত হলে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ টন।

কর্মকর্তারা জানান, টিস্যু কালচার পদ্ধতিতে বাম্পার ফলন পাওয়ায় কৃষকরা আলু আবাদে উৎসাহী হয়ে উঠছে।

নীলফামারীর ডোমার দোলাপাড়া গ্রামের চাষী আসলাম বিডিনিউজ-কে জানান, তিনি চলতি বছর ৫৫ শতাংশ জমিতে ৪‘শ কেজি টিস্যু কালচার আলু বীজ বপন করে ফসল পেয়েছেন ২‘শ ৪৫ মণ। কিশোরগঞ্জের দুরাকুঠি গ্রামের আনছার আলী ৭০ শতাংশ জমিতে আলু বীজ বপন করে পেয়েছেন ২‘শ ৬০ মণ আলু। সৈয়দপুরের বাঙ্গালীপুর গ্রামের জামিরুল ইসলাম ৩৬ শতাংশ জমিতে ফলন পেয়েছেন ১‘শ ৫৫ মণ।

জলঢাকার বাঁশদহ গ্রামের আজিজুল হক ৫০ শতাংশ জমিতে ফলন পেয়েছেন ২‘শ ২৮ মণ। সৈয়দপুরের বগুলাগাড়ি গ্রামের আজিজুল হক ৫০ শতাংশ জমিতে ফলন পেয়েছেন ২‘শ ৩০ মণ। সোনাখুলি গ্রামের ওয়াদুদ ৪০ শতাংশ জমিতে ফলন পেয়েছেন ১‘শ ৬৫ মণ।

খোঁজ নিয়ে দেখা গেছে, আলুর বাম্পার ফলন হলেও চাষীরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ৮০ কেজির প্রতি বস্তা ডায়মন্ড আলু ২‘শ থেকে ২‘শ ২০ টাকা, কার্টিনাল ১‘শ ৯০ থেকে ২‘শ টাকা, গ্রান্টউলা ১‘শ ৮৫ টাকা থেকে ১‘শ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাষীরা জানায়, বাজারে ৪‘শ টাকা দামের আলুর বস্তা ১‘শ ৭৫ টাকা থেকে ১‘শ ৯০ টাকায় নেমে এসেছে। অথচ

প্রতি বস্তা আলু উৎপাদনে খরচ পড়েছে ২‘শ ৭৫ টাকা থেকে ২‘শ ৮০ টাকা।

চাষীরা আরও জানায়, প্রতি বস্তায় তাদের ৭৫ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত লোকসান দিতে হচ্ছে। পাইকারি বাজারে আলুর দাম কমে গেলেও খুচরা বাজারে কমেনি। খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫ থেকে ৭ টাকা দামে বিক্রি হচ্ছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের একজন কর্মকর্তা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মৌসুমের শুরু থেকে আলুর দাম কম। তবে এত কম দাম আর কখনও দেখা যায়নি।