২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৫৫

সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) সংযোগ সড়কের কড্ডার মোড়ের অদূরে সয়দাবাদ নামক স্থানে চালভর্তি দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহন এবং পাবনাগামী মহানগর এক্সপ্রেস নামের দুটি বাসের সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনায় ট্রাক চালকসহ মোট ১২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ৫৫ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হল, ট্রাক চালক আবুল হোসেন (৪০), পিতা মফিউদ্দীন, সাতবাড়ি, ইছামরা বাজার কুমিল্লা এবং বাসযাত্রী সাইদুল (৩৫), দাসপাড়া, বেড়া, পাবনা।

আহত যাত্রীরা জানায়, দুর্ঘটনায় ট্রাক চালকসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যায়, সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় দুইজন এবং বাকি তিনজন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল রব চৌধুরী, পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এবং সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত রোগীদের দেখতে যান।

মঙ্গলবার সকাল থেকে নিহত ও আহতদের দেখতে শত শত লোক হাসপাতালে ভিড় জমায়।

জানা যায়, হাসপাতালে আহতদের ভর্তি করার সময় আর.এম.ও আব্দুল আউয়াল ছাড়া কর্তব্যরত কোনও ডাক্তারই ছিল না। পরবর্তীতে সিভিল সার্জন আসার পর অর্থাৎ দুই ঘন্টা পর অন্যান্য ডাক্তাররা হাসপাতালে আসে।