লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে ১৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি: আহত অর্ধশত
কালবৈশাখী ঝড়ের ছোবলে রোববার রাতে জেলার দুটি উপজেলার ১৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় দুই দফায় হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা, শিঙ্গিমারী, পূর্ব সরোডুবি, দক্ষিণ গুড্ডিমাড়ী, বড়খাতা, মিলন বাজার এবং পাটগ্রাম উপজেলার মির্জারহাট, কুচলিবাড়ী, পানবাড়ী, দহগ্রাম ও আঙ্গোরপোতা এলাকায় কালবৈশাখী আঘাত হানে।
এই দুই উপজেলার প্রায় তিন শতাধিক কাঁচা, আধাপাকা ঘর, শতাধিক একর জমির ফসল ও শতাধিক গাছপালা এবং প্রায় শতাধিক একর জমির ভুট্টা গাছ ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝড়ের কারণে জেলার কয়েকটি স্থানের বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ায় রোববার গভীর রাত থেকে সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
ঝড়ে আক্রান্ত লোকজনের মধ্যে গুরুতর আহতরা হলো- আফরোজা বেগম (২৮), সালাম মিয়া (৪০), রওশন (৪২), আবদুস সাত্তার (৩৫), মজিবর রহমান (৫০), মাহবুবুর রহমান (৬০), জমির উদ্দিন (৩৮), রয়িছ মিয়া (৪২), নইমুদ্দিন (৩০), ধীরেন চন্দ্র (৪০), সাইফুদ্দিন (২৮), রেহানা পারভীন (৩৬), মমতা বেগম (২৬), লুৎফা (৬) এবং লোকমান (৪৬)।
