রাজশাহী সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
বিডিআর ও বিএসএফ’র সেক্টর কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠক সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
তালাইমারী বিডিআর বিওপিতে দিনব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে বর্তমান সীমান্ত পরিস্থিতিসহ সীমান্ত এলাকার নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।
বিএসএফের ২২ সদস্য বিশিষ্ট দলের পক্ষে বহরমপুর সেক্টরের ডিআইজি জিকে শরমা এবং বিডিআরের পক্ষে রাজশাহী সেক্টর কমান্ড কর্ণেল শহীদ সরোওয়ার আযম নেতৃত্ব দেন।
বৈঠকে সীমান্তে কাটাতারের বেড়া, চোরাচালান প্রতিরোধ, অবৈধ পুশইন বন্ধ, মাদকদ্রব্য ও অস্ত্রের অবৈধ চালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষে আলোচনা হয়।
রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল শহীদ সরোওয়ার আযম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক এ বৈঠকটি ফলপ্রসু হয়েছে।
