মিরপুুরের বিহারিদের সাভারে পুনর্বাসিত করা হবে
গণপূর্ত ও সংস্থাপণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সোমবার মিরপুরের আটকে পড়া পাকিস্তানিদের (বিহারি হিসেবে পরিচিত) সাভারে পুনর্বাসিত করার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগকে অনুমোদন দিয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে পুনর্বাসিত বিহারিদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও অনুমোদন দেয়।
বৈঠকে সাভারের বড়াইগ্রামে ১৪ দশমিক ৫ একর জমিতে তাদের পুনর্বাসনের কথা বলা হয়। সাভারে যদি সম্ভব না হয় তাহলে এই প্রকল্পের আওতায় তাদেরকে অন্য কোথাও পুনর্বাসন করা হতে পারে।
কমিটির চেয়ারম্যান শাজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, মানবিকতার প্রশ্নে তাদেরকে পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য প্রস্তাব করা হয়েছে।
তবে এটা স্পষ্ট হওয়া যায়নি যে, বিহারিদের অপসারিত করার পর ওই প্লটগুলি কিভাবে ব্যবহার করা হবে।
মিরপুরের সেকশন বি’র ৭-৮ টি প্লট আব্দুস সাত্তার নামের একজন অবৈধভাবে দখল করে রয়েছে। কমিটি বৈঠকে অবৈধ দখলদারদের উচ্ছেদের কথাও বলেছে।
স্থায়ী কমিটি তাদের অনুমোদনগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর করার পরামর্শ দিয়েছে।
কমিটি পূর্বাচল প্রকল্পের ব্যাপারেও আলোচনা করে এবং এর বাস্তবায়নের ব্যাপারে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ণের কথা বলে।
তেরো হাজার পরিত্যক্ত প্লট বিক্রি করা হয়েছে বলে মন্ত্রণালয় বৈঠককে জানায় এবং অবশিষ্ট ১১৩টি পরিত্যক্ত প্লট নিয়ে আলোচনা করা হয়।
কমিটির চেয়ারম্যান শাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর হায়দার খান, নুরে আলম চৌধুরী (লিটন), অধ্যাপক জয়নাল আবেদীন, মোহাম্মদ সুলতান মাহমুদ বাবু এবং মোহাম্মদ আব্দুল মোত্তালিব।
গণপূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও রাজউকের চেয়ারম্যান বৈঠকে উপস্থিত ছিলেন।
