যশোরে চরমপন্থী পরিচয়ে ব্যাংকে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
চরমপন্থী পরিচয়ে যশোরের এমকে রোডের ওয়ান ব্যাংকে চাঁদা আনতে গিয়ে সোমবার রাজা নামের এক যুবক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
রোববার পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি জনযুদ্ধ’র ক্যাডার পরিচয় দিয়ে রাজা ও মুরাদ নামে দুই যুবক ওয়ান ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজার মুনির সাদিকের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ব্যাংক ম্যানেজার বিষয়টি পুলিশকে জানিয়ে রাখেন।
সোমবার সকালে ওই যুবকরা টাকা নিতে আসার আগেই সাদা পোশাকে পুলিশ ব্যাংকের ভেতরে অবস্থান নেয়।
মুরাদকে বাইরে রেখে ম্যানেজারের কক্ষে ঢুকলে ডিবির এসআই রতন শেখ চাঁদাবাজ রাজাকে আটক করে।
রাজার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কালাহাট গ্রামে বলে জানা গেছে।
খুলনার এনসিসি ব্যাংক, বেনাপোল ও কুষ্টিয়ার আইএফআইসি ব্যাংক থেকে সোমবার ওই দু’যুবকের চাঁদার টাকা আদায় করার কথা ছিল বলে রাজা পুলিশকে জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রাজাকে নিয়ে খুলনায় অবস্থান করছিল।
