২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব সংগ্রাম পরিষদ দেশজুড়ে লংমার্চ করবে

সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সাতটি সরকার বিরোধী ছাত্র সংগঠনের প্লাটফর্ম যুব সংগ্রাম পরিষদ শিগগিরই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লংমার্চ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

যুব সংগ্রাম পরিষদ নেতা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি বিডিনিউজকে বলেন, লংমার্চের তারিখ এখনও ঠিক করা হয়নি। বিএনপি জামাত জোট সরকারের দমন-পীড়নমূলক শাসন জনগণ আর চায়না। তাদের দুঃশাসনের প্রতিবাদে ডাকা এই লংমার্চের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে তিনি জানান।

মীর্জা আজম বলেন, ২১ দফা দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও আমাদের আরও যে সব দাবি রয়েছে তা বাস্তবায়নের ব্যাপারে আমাদের মূল সংঠনের সাথে আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, সরকারের প্রতি জনগন আস্থা হারিয়ে ফেলেছে। জোট সরকারের কাছে তাদের আর কোনও চাওয়া নেই।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্ধতি পরিবর্তনের ব্যাপারে যুব সংগঠনের নেতারা তাদের মতামত জানিয়েছেন। তিনি বলেন, এটি এখন প্রধান বিরোধী দলগুলোর অন্যতম দাবি। তাদের সাথে আমরাও একমত পোষণ করি।

মীর্জা আজম তত্ত্বাবধায় সরকার পদ্ধতি পরিবর্তনের দাবিকে ন্যায্য বলে উল্লেখ করে বলেন, ১৯৯১ এবং ১৯৯৬ সালে  বর্তমানে প্রচলিত পদ্ধতির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও তখন এ ব্যাপারে কেউ প্রশ্ন তুলেনি।

তিনি বলেন, এখনকার পরিস্থিতি ভিন্ন। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি যারা হবেন বলে পরিকল্পনা করা হয়েছে তাদের কেউই নিরপেক্ষ লোক নন।