২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর নিশ্চয়তা

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বৃদ্ধির নিশ্চয়তা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  সোমবার বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (বিসিসিআই) আয়োজিত দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,‘বেসরকারি উদ্যোক্তাদের সহায়তাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং মেলার আহ্বায়ক এনায়েত হোসেন চৌধুরী।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাঝারি ও ক্ষুদ্র শিল্প বিকাশের স্বার্থে  এই খাতে মূলধন যোগান দিতে ব্যাংক অব স্মল ইণ্ডাস্ট্রিজ এণ্ড কমার্স বাংলাদেশ লিমিটেডকে   (বিএএসআইসি) আরও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা যাতে এই ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারে সে ব্যবস্থা করা হবে। তাছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ দেয়ার কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুসরণ করার ফলে দেশীয় শিল্প ও রফতানি চ্যালেঞ্জের মুখে রয়েছে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন ভাল মানের অনেক পণ্য রপ্তানি হচ্ছে। কাজেই মানসম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি তা সঠিকভাবে বাজারজাত করতে আপনাদেরকেই প্রধান ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, রপ্তানি বৃদ্ধি করতে সরকার বেসরকারি খাতকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

মেলা এবং প্রদর্শনীকে আমাদের জাতীয় ঐতিহ্য বলে অভিহিত করে বলেন, এই ধরনের মেলা দেশী বিদেশী ক্রেতা বিক্রেতাদের জানান দিতে ব্যপক ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সব দিক থেকে পিছিয়ে পড়ব।

তিনি দেশের ভাবমূর্তি বিনষ্টে যারা নিয়োজিত রয়েছে তাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল দেশের ইমেজ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদের নিজেদের স্বার্থে ও ভবিষ্যতের স্বার্থে সে অপচেষ্টাকে ব্যর্থ করতে হবে।