২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরেই তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে

যোগাযোগ মন্ত্রণালয় চলতি বছরেই তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সেতু নির্মাণ হলে চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতু নির্মাণ বিষয়ে সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয়, এ  প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪৩৯ কোটি টাকা। নির্মাণ শুরুর পর ৩০ মাসের মধ্যেই প্রকল্প কাজ শেষ হবে। সেতুর নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ডের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং পরামর্শক নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে চলতি মাসের মধ্যেই দ্বিতীয় কর্ণফুলী সেতুর মেরামত কাজ শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এই সেতু মেরামত এবং শক্তিশালীকরণের লক্ষ্যে  প্রায় ৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সড়ক ও জনপদ অধিদফতর এ দুটি প্রকল্প বাস্তবায়ন করবে।

যোগাযোগ সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফায়জুর রহমান এবং চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বৈঠকে উপস্থিত ছিলেন।