রাঙ্গামাটির ‘মোনঘর শিশু সদন’ বন্ধের আশংকা
অর্থাভাবে পার্বত্য চট্টগ্রামের ৫০ বছরেরও বেশী পুরানো পাহাড়িদের অনাথ আশ্রম ‘মোনঘর আবাসিক শিশু সদন’ বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
মোনঘর শিশু সদন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের বিডিনিউজের সাথে আলাপকালে তার এ আশংকার কথা জানান।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত পাঁচ বছর মেয়াদী প্রকল্প চলতি বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন করে প্রকল্পের মেয়াদ না বাড়ানো হলে এই প্রতিষ্ঠানে আশ্রিত প্রায় এক হাজার অনাথ পাহাড়ি ছাত্রছাত্রীকে বাড়িতে ফেরত পাঠানো ছাড়া উপায় নেই।
প্রজ্ঞানন্দ মহাথের বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি রক্ষার জন্য সরকারি বেসরকারি এবং দেশি বিদেশি দাতা সংস্থার কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। কিন্ত্র এখনও কোনো সাড়াই পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬১ সালে তৎকালীন খাগড়াছড়ি মহকুমার দীঘিনালায় ‘পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথালয়’ নামে মোনঘরের যাত্রা শুরু হয়।
১৯৭৪ সালে এটি রাঙ্গামাটি জেলার রাঙাপানি এলাকায় স্থানান্ত—র হলে এর নাম পরিবর্তন করে রাখা হয় মোনঘর শিশু সদন । এই শিক্ষালয়টি এখন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি পার্বত্য জেলার ১১টি আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠির অনাথ ও ছিন্নমূল শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রথম দিকে ‘পারটেস’ নামের ফ্রান্সের একটি সাহায্য সংস্থা মোনঘরের সার্বিক ব্যয় বহন করলেও ১৯৯৯ সালে এই প্রতিষ্ঠানটি তাদের সাহায্য বন্ধ করে দেয়। ফলে মোনঘর পরিচালনা কমিটি পড়ে বিপাকে। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি রক্ষার জন্য পাঁচ বছর মেয়াদে ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্প মেয়াদও এখন শেষ হয়ে যাচ্ছে।
মোনঘর শিশু সদন পরিচালনা কমিটি এবং পার্বত্য চট্টগ্রামের সচেতন জনগণ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি রক্ষায় সরকার এবং দাতা সংস্থাসমূহের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ঢাকায় পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, মোনঘরের প্রকল্প মেয়াদ বৃদ্ধির বিষয়ে একটি আবেদন পত্র এরই মধ্যে তাদের দফতরে জমা পড়েছে। এটি এখন প্রআনমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায়।
