২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র নির্বাচনে প্রশাসন ও পুলিশের হয়রানি থেকে রক্ষায় লিগ্যাল এ্যাকশন কমিটি গঠন করবে আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নেতা কর্মীদের প্রশাসন ও পুলিশের হয়রানি থেকে রক্ষা করতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবিরা লিগ্যাল এ্যাকশন কমিটি গঠন করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, লিগ্যাল কমিটি গঠনের জন্য ইতিমধ্যেই চট্টগ্রামের আইনজীবিদের মধ্যে দু’দফা বৈঠক হয়েছে। কমিটিতে অন্তর্ভূক্ত করতে তালিকা করা হয়েছে শতাধিক আইনজীবির । সুপ্রীম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী লিগ্যাল এ্যাকশন কমিটিতে উপদেষ্ঠা হিসেবে থাকার সম্মতি দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল বিডিনিউজকে বলেছেন, নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন শুরু করেছে। কর্মীদের আইনগত সহায়তা ও প্রশাসনের বিরুদ্ধে আদালতের মাধ্যমে লিগ্যাল এ্যাকশন নেয়ার জন্য এ কমিটি গঠন করা হবে।

আওয়ামী লীগের  চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এম এ মান্নান বিডিনিউজকে বলেন,নির্বাচনের তফসিল ঘোষনার পর  থেকে আমাদের নেতা কর্মীদের উপর যে ধরপাকড় চলছে, তার জন্য প্রশাসনের বিরুদ্ধে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। 

মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে এ পর্যন্ত দু’টি ঘটনায় ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ২ টি মামালা দায়ের করা হয়েছে। পুলিশের বাদী হয়ে দায়ের করা এ মামলায় মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সস্পাদকসহ  ১৫ জনকে আসামী করা হয়েছে । এছাড়াও বিভিন্ন ঘটনায় ৫০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।