২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক স্কুলে ছেলে-মেয়ে তালিকাভুক্তির হার সন্তোষজনক

জাতিসংঘ ঘোষিত ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ কর্মসূচির অংশ হিসেবে ২০০৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ছেলে-মেয়ের সমানাধিকার অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সাফল্যজনক অবস্থানে রয়েছে। মঙ্গলবার ইউনিসেফের এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জেনেভায় ইউনিসেফের সদর কার্যালয়ে সোমবার ‘শিশুদের অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যারল বেলামী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশের অবস্থান ১২৫ থেকে ১৮০টি দেশের মধ্যে রয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ বিশেষ করে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ৬টি দেশে ২০০৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়ের সমানাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

রিপোর্টে বলা হয়, প্রাথমিক স্কুলে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সফলতম দেশ। সফলতার এ তালিকায় দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ও শ্রীলংকাও রয়েছে।

প্রাথমিক স্কুলে মোট তালিকাভূক্তি/উপস্থিতির অনুপাত শতকরা ৮৫ ভাগের নিচে-এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশও রয়েছে । হাইস্কুলে ছেলেদের উপস্থিতি অনুপাত ৬০ দশমিক ৯ ভাগ আর মেয়েদের ৫৯ দশমিক ১ ভাগ।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মরটেন গিয়ারসিং বলেন,“ বাংলাদেশে প্রাথমিক স্কুলে ছেলে-মেয়ের সমানাধিকার নিশ্চিতকরণের চিত্র ভালো । কিন্তু পরবর্তী বছরগুলোতেও স্কুলে ছেলে-মেয়ের উপস্থিতি ধরে রাখার জন্য আরও করণীয় রয়েছে।