শেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
জেলা দায়রা জজ মঙ্গলবার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং অপর দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০১ সালের ২২ মার্চ জেলার নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণপুর ছালেহাবাদ গ্রামে মাছ ধরার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোতাহার হোসেন (২৪), আব্দুল মোতালেব (২৬) ও আবুল কাসেম (২৮) নির্মমভাবে ছুরিকাঘাত করে শমসের আলী (৬০) কে হত্যা করে।
শেরপুর জেলা দায়রা জজ আশীষ রঞ্জন দাস মোতাহার হোসেনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। মোতাহার বর্তমানে পলাতক রয়েছে। অপর দুই আসামী আব্দুল মোতালেব এবং আবুল কাসেমকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হত্যা মামলার অপর সাত আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দেয়।
