স্কুল ছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় ধর্মযাজককে পিটিয়ে জখম
মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা গ্রামে স্কুল ছাত্রীকে অপহরণে বাধা দেয়ায় সন্ত্রাসীরা এক ধর্ম যাজককে পিটিয়ে গুরুতর জখম করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবম শ্রেনীর মেধাবী ওই ছাত্রীকে প্রায়ই রাস্তা ঘাটে উত্যক্ত করত স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সদস্য সোহেল। এ জন্যে মেয়ের পিতা কিছুদিন আগে তার পড়ালেখা বন্ধ করে দেয়। তারপরও সোহেল উত্যক্ত করা অব্যাহত রাখে।
গত শুক্রবার রাতে সোহেলের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী ওই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। এসময় স্কুল ছাত্রীর বাবার বাড়িতে আশ্রিত ধর্মযাজক গৌতম সরকার (৪৭) বাধা দিলে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। এছাড়া সন্ত্রাসীরা ওই স্কুল ছাত্রীর সাথে ধর্মযাজকের অবৈধ সম্পর্ক রয়েছে বলে সাদা কাগজে লিখিয়ে নেয়। গুরুতর আহত গৌতম সরকারকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সন্ত্রাসীরা বর্তমানে ওই স্কুল ছাত্রীর পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। এ জন্যে মেয়ের পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে মঙ্গলবার স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।
