২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিন্ডারগার্টেন শিক্ষকদের বৃহস্পতিবার প্রতীক অনশন

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অবিলম্বে ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে প্রতীক অনশন ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এসব দাবির মধ্যে কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান রেহেনা আক্তার বুধবার বিডিনিউজকে বলেন, এসব দাবি নিয়ে তারা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এমনকি শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন। কিন্তু আলোচনায় কোন অগ্রগতি হয়নি।

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি পালন করবে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করবে।

রেহেনা আক্তার বলেন, সারাদেশে কমপক্ষে ৩ থেকে ৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। ১৩ দফা দাবির মধ্যে স্কুলগুলোর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন, পৃথক বোর্ড গঠন, শিক্ষকদের জন্য সরকারি ভাতা, স্কুল ও শিক্ষকদের কর থেকে অব্যাহতি এবং স্কুল ভবনগুলোতে বাণিজ্যিক হারে বৈদ্যুতিক বিল প্রদান বন্ধ করা।

এসোসিয়েশনের চেয়ারম্যান আরও বলেন, সরকার যদি তাদের দাবির প্রতি দৃষ্টিপাত না করে তাহলে তারা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কায়দুজ্জামানের সভাপতিত্বে প্রতীক অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান রেহেনা আক্তার।