ডিসিসি’র পরিচ্ছন্নতা অভিযান: কোটি টাকা লুটপাট চলছে
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পক্ষকালব্যাপি বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নামে নগরীতে কোটি টাকা লুটপাট চলছে।
অভিযোগ পাওয়া গেছে, এ অভিযানের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ নেওয়ার কথা থাকলেও হাতে গোনা কয়েকজনই কাজ করছে। আবার যারা কাজ করছে তাদেরও নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।
তবে এ ব্যাপারে ডিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার সোহেল ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগের কথা অস্বীকার করেন। বিডিনিউজকে তিনি জানান, অতিরিক্ত শ্রমিকদের নির্ধারিত পারিশ্রমিক দিয়েই কাজ করা হচ্ছে।
তিনি বলেন, ডিসিসির পরিচ্ছন্নতা অভিযানের কাজ বেশ ভাল ভাবেই এগিয়ে চলেছে। প্রত্যেক এলাকাতেই নির্ধারিত সংখ্যক লোক কাজ করছে। অভিযানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই পরিচ্ছন্নতার কাজ শেষ হবে। কাজ শেষ হলেই ঢাকা পরিণত হবে একটি পরিচ্ছন্ন নগরীতে।
খোঁজ নিয়ে জানা যায়, ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগ গত ১০ এপ্রিল থেকে ঢাকঢোল পিটিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
এর আগে ডিসিসির পক্ষ থেকে কয়েক দফায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, অভিযান চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত, ভাঙ্গা সড়ক, ফুটপাত ও ড্রেন সংস্কার এবং দেয়াল লিখন মুছে ফেলা হবে।
মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের জানান, ঢাকা মহানগরীর ৯০ ওয়ার্ডের প্রতিটিকেই ১৫টি ভাগে বিভক্ত করে এ অভিযান চালানো হবে। একেক দিন একেকটি অংশে পরিচ্ছন্নতার কাজ চলবে। নিয়োগ করা হবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার অতিরিক্ত কর্মী। প্রতিদিনই প্রতি ভাগে ৫০ থেকে ৫৬ জন অতিরিক্ত কর্মী কাজ করবে।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অভিযান শুরুর ১০ দিন পরেও নগরীর প্রধান প্রধান সড়কের পাশের দেওয়ালের পোস্টার তোলা বা দেওয়াল লিখন মুছে ফেলার কাজ হয়নি। ফুটপাতের ভেঙে যাওয়া অংশগুলোও সংস্কারের কাজও শুরু হয়নি। রাস্তাগুলোতে আগের মতোই খোড়াখুড়ির কাজ চলছে। অনেক সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়ক ঝাড়পুছ করাও শুরু হয়নি।
বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযানের কাজ কিছু কিছু শুরু হলেও এতে ডিসিসির নিয়মিত কর্মীদেরই কাজ করতে দেখা যায়। তবে কোথাও ২০ থেকে ২৫ জনের বেশি কর্মী কাজ করছে না।
এসব কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, এরা ডিসিসির দৈনিক ভিত্তিতে নিযুক্ত নিয়মিত কর্মী। তাদের কাজে লাগানো হয়েছে দৈনিক ৭০ টাকার চুক্তিতে। তবে এই মজুরী থেকেও ডিসিসির কতিপয় কর্তা ২০ টাকা করে কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ট্রাক ভাড়াসহ পরিচ্ছন্ন কর্মীদের দৈনিক ১০০ টাকা মজুরী দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ টাকা।
জানা যায়, বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপারে কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করলেও স্থানীয়ভাবে প্রচারণা তেমন নেই। ফলে স্থানীয় লোকজনকেও তেমনভাবে পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত করা যাচ্ছে না।
