হবিগঞ্জ গ্রেনেড হামলায় কাইয়ুমসহ ১০ বিএনপি নেতা অভিযুক্ত
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় পুলিশ বুধবার বিস্ফোরক আইনে বিএনপির দশ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেশ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি বহিস্কৃত জিয়া গবেষণা পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আবদুল কাইয়ুমসহ ১০ বিএনপি নেতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।
কাইয়ুম ছাড়া অন্য অভিযুক্তরা হচ্ছেন জয়নাল আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন মোমিন, তাজুল ইসলাম, শাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, মহিবুর রহমান ও কাজল মিয়া। এদের মধ্যে মহিবুর রহমান ও কাজল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
২৭ জানুয়ারি গ্রেনেড হামলার পর দিন হবিগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান গত ১৬ মার্চ বিএনপির এই নেতাদের সবাইকে অভিযুক্ত করে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট পেশ করেন।
এতে বলা হয়, কাইয়ুম কিবরিয়ার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য এ ঘটনা ঘটায়। চুনারুঘাট এলাকা থেকে সে গ্রেনেড সংগ্রহ করে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন।
পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও এ হত্যাকান্ড তদন্ত করে।
