২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশে কার্যকর আইন করা প্রয়োজন

গত বছরের জুন মাসে একটি শব্দদূষণ রেজুলেশনের খসড়া প্রস্তুত করা হলেও এখন পর্যন্ত দেশে কোন শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

‘শব্দদূষণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতি ও এর প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে বুধবার বক্তারা এ কথা বলেন।

আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উপলক্ষ্যে রাজধানীতে শব্দদূষণ প্রতিরোধ সমন্বয় কমিটি এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সমিতি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম হোসেন।

বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরের ৯০ শতাংশ বাসিন্দা শব্দদূষণে মারাত্মকভাবে আক্রান্ত এবং এতে করে তারা কানে কম শোনা ও হৃৎপিণ্ডের জটিলতাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

শিশুরাই শব্দদূষণে ক্ষতির শিকার হচ্ছে বেশি। শিশুরা কানে কম শোনাসহ স্থায়ীভাবে বধির হয়ে পড়ছে।

সেমিনারে বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেন, মানুষের কানে শোনার ক্ষমতা যেখানে দিনের বেলায় ৪৫ ডেসিবেল এবং রাতে ৩৫ ডেসিবেল সেখানে সায়েদাবাদ বাস টার্মিনাল ও বাংলামোটর এলাকা থেকে শব্দদূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ৯৫ ডেসিবেল পর্যন্ত।

ঢাকা মেডিকেল কলেজের  নাক, কান ও গলা বিভাগের সাবেক প্রধান ড. আবদুল্লাহ হারুন বলেন, ঢাকা শহরের শব্দদূষণের মূল উৎসগুলো হচ্ছে যানবাহন, লাউড স্পিকার, মিল-ফ্যক্টরি, ইট ভাঙার মেশিন, জন সমাবেশ এবং মিউজিক শপ।

সেমিনারে শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা গড়তে বিশেষ করে ড্রাইভার, ট্রাফিক পুলিশ এবং শিল্পদ্যোক্তাদের সচেতন করতে একটি গণ আন্দোলন গড়ে তোলার পক্ষে বক্তরা অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানুজ্জামান, ডব্লিউবিবি’র প্রকল্প কর্মকর্তা অমিত রঞ্জন দে এবং তপন কুমার নাথ।