২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কিশোরীর আটকাদেশ ‘দূতাবাস সংক্রান্ত’ ও ‘অবৈধ’: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউইয়র্কে বাংলাদেশি কিশোরী তাসনুভা হায়দারের আটকাদেশ দূতাবাস সংক্রান্ত বিষয় এবং তা অবৈধ বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, অভিবাসী আইন ভঙ্গ করার দায়ে হায়দারকে আটক করা হয়েছে এবং আগামী ১১ মে এ ব্যাপারে শুনানি হবে।

তবে তাকে সাহায্য করার জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস শুনানির দিন এগিয়ে আনার চেষ্টা করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ হেফাজতে থাকা তাসনুভা হায়দারের সঙ্গে টেলিফোনে বাংলাদেশ কনস্যুলেট অফিসের এক কর্মকর্তার কথা হয়েছে। এটি এখন দূতাবাস সংক্রান্ত বিষয় এবং প্রচলিত নিয়মের মাধ্যমেই এর সমাধান করতে হবে।

কিন্তু মার্কিন গনমাধ্যম বিশেষ করে নিউইয়র্ক টাইমস ও সিএনএন আটককৃত তাসনুভার ছবি দেখিয়ে সে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বলে প্রচার করে।

গত ৭ এপ্রিল নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে এমন সন্দেহে এফবিআই এক বাংলাদেশী দুই কিশোরীকে গ্রেফতার করে। পরে এদের বিরুদ্ধে অভিবাসী আইন লংঘনের অভিযোগ আনা হয়।

তবে গ্রেফতারকৃতদের পরিবার জানায়, এ অভিযোগ মিথ্যা। সম্ভবত স্কুলের জন্য লেখা তাসনুভার একটি রচনাকে মার্কিন সরকার বুঝতে ভুল করেছে।

সরকারি তথ্য প্রমানের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এবং অন্যান্য শীর্ষস্থানীয় মার্কিন সংবাদপত্রগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৪ মার্চ গ্রেফতারের পর দক্ষিণ পেনসিলভেনিয়ার লেসপোর্টে একটি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে তাদের রাখা হয়েছে।