বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদে সমর্থনের আশ্বাস দিলো জাপান
আসিয়ান আঞ্চলিক ফোরামে সদস্যপদ লাভের জন্য জাপান বাংলাদেশকে সমর্থন করার আশ্বাস দিয়েছে।
জাকার্তায় বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান জাপানের পররাষ্ট্রমন্ত্রী নোবুতাকা মাচিমুরার সাথে সাক্ষাতকালে আসিয়ানের সদস্যপদ লাভের জন্য তার দেশের সমর্থন চাইলে তিনি এ আশ্বাস দেন।
ঢাকায় প্রেরিত এক বার্তায় জানানো হয়, লাওসে আসন্ন আসিয়ান সিনিয়র কর্মকর্তাদের বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আগে এই আশ্বাস পাওয়া গেল।
২০০৫ সালের এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন এবং ১৯৫৫ সালের ব্যানডাং সম্মেলনের সুবর্ণ জয়ন্তীতে যোগদানের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মোর্শেদ খান এখন জাকার্তায় রয়েছেন।
জাপান ও বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান নেপালের রাজা জ্ঞানেন্দ্রের সাথে সাক্ষাৎ করেন।
রাজা জ্ঞানেন্দ্র পররাষ্টমন্ত্রীকে ধীরে ধীরে তার দেশের অবস্থার পরিবর্তন হচ্ছে বলে অবহিত করেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার ফলে নেপালে শিগগিরই শান্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
