টাঙ্গাইলে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ: ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ ও ৫ পুলিশ সদস্য আহত
জেলার সদর উপজেলার ঢালান-গোপালপুর গ্রামে বৃহষ্পতিবার গভীর রাতে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ দুই জনকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হন। আহতরা হলেন টাঙ্গাইল থানার ওসি এস আলম, এসআই মাহবুবুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান, সোহরাব উদ্দিন ও সেলিম মিয়া। তাদেরকে আহত অবস্থায় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢালান গোপালপুরে সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারকৃতরা হলেন ঢালান-শিবপুর গ্রামের লতিফ ও দুলাল।
আহত দু জনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
