সাংসদপুত্র এমপি হোস্টেলের বাসায়, অথচ এখনও পর্যন্ত পুলিশ তার হদিস পায়নি
সরকার দলীয় এক সাংসদ পুত্র বুধবার ট্রাফিক পুলিশকে মারধর করলেও এখনও পর্যন্ত পুলিশ ওই সাংসদপুত্রের কোনও হদিস পায়নি। অথচ নোমান বুধবার রাতে তার বাসাতেই ঘুমিয়েছেন এবং বৃহস্পতিবারও বাসায় ছিলেন।
ট্রাফিক পুলিশের কনস্টেবল আবদুল মজিদ মানিক মিয়া এভিনিউতে তাকে মারধর করার অভিযোগে বুধবার যশোর-১ আসনের সংসদ সদস্য আলী কদরের পুত্র নোমান (২৮) ও তার ছয় বন্ধুর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, আহত পুলিশ কনস্টেবল মজিদের অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) গোলাম মাওলা সাংসদপুত্রের বিরুদ্ধে মামলা গ্রহনের কথা স্বীকার করে বলেন, নোমান ও তার সঙ্গীদের বিরুদ্ধে ১৪৩, ১৮৬, ৩২২, ৩৩৩ ও ৩৫৩ ধারায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা নোমানকে খুঁজছি, তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি’।
রেজাউল বলেন, পুলিশ ফোর্স নিয়ে তিনি এমপি হোস্টেলে এমপি’র বাসায় খোঁজ নেন। তবে তাকে পাওয়া যায়নি। অন্যান্য স্থানেও নোমানকে খোঁজা হচ্ছে বলে তিনি জানান ।
তিনি বলেন, ‘আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। অবশ্যই তাকে গ্রেফতার করা হবে’।
নোমানের মা বিডিনিউজকে বলেন, ‘পুলিশ গাড়ির মালিক এবং ড্রাইভারের মধ্যে পার্থক্য বোঝে না। একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তা তারা জানে না’।
তিনি বলেন, নোমান একজন ব্যবসায়ী। বুধবার রাতে সে তার কক্ষেই ঘুমিয়ে ছিল। তবে পুলিশের সাথে দেখা করতে সে অস্বীকৃতি জানায়। তবে পুত্রের ভুল স্বীকার করে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার এমপি হোস্টেল থেকে আসাদগেট যাওয়ার পথে মানিক মিয়া এভিনিউতে ট্রাফিক সিগন্যাল অমান্য করার দায়ে নোমান ও তার ছয় বন্ধুকে বহনকারী গাড়ির গতিরোধ করায় তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল আবদুল মজিদকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
