১২ এপ্রিল ঢাকায় ভূমিকম্প ব্যবস্থাপনা মহড়া
ঢাকার ধুপখোলা মাঠে ১২ এপ্রিল ভূমিকম্প ব্যবস্থাপনা মহড়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নগর ভবনে সংশ্লিষ্টদের এক সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা।
সভায় জানানো হয়, বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা না থাকায় দেশে ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। তবে সরকার পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে কিছু পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ডিসিসি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ মহড়ার আয়োজন করছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্বীকার করলেন, প্রায় একশ বছর পরপর বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হয়। এর আগে দেশে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছে ১৮৯৭ সালে। এরপর আর তেমন বড় কোনও ভূমিকম্প এখানে হয়নি। তাই এর ব্যবস্থাপনাও গড়ে ওঠেনি।
তিনি বলেন, গত দুতিন বছর ধরে ভূমিকম্প ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। তবে সুনামি পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এ অবস্থায় কিছু ত্র“টি থাকলেও প্রাথমিক কাজ হিসেবে এ মহড়ার আয়োজন করা হচ্ছে।
সাদেক হোসেন খোকা বলেন, ঢাকা একটি অপরিকল্পিত নগরী। এখানে অত্যন্ত অপরিকল্পিতভাবে নগর ব্যবস্থা গড়ে উঠছে। এয়াড়াও এখানে অতি প্রাচীন বেশ কিছু ভবন রয়েছে। এসব এলাকায় যাতায়াতের তেমন কোন সুযোগও নেই।
তিনি শংকা প্রকাশ করে বলেন, এই মুহূর্তে ভূমিকম্প হলে কী পরিস্থিতি হবে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না।
সভায় মহড়া অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
