আন্তর্জাতিক বাজারে চশমা শিল্পের রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে: বানিজ্যমন্ত্রী
দ্রুত বিকাশমান দেশের চশমা শিল্পের আন্তর্জাতিক বাজারে রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বিশ্বের বেশ কয়েকটি দেশে চশমার ফ্রেম ও লেন্স রপ্তানি করে বছরে এক লাখ ডলার আয় করছে।
বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে সপ্তম আন্তর্জাতিক চশমা মেলা ‘বাংলা অপটিকা ২০০৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, ইনসেনটিভ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমান মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে সৃষ্ট প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মানোন্নয়ন ও নতুন নতুন বাজার খুঁজে রপ্তানির ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
চশমা আমদানি ও রপ্তানিতে কোনও বাধা নেই উল্লেখ করে আলতাফ হোসেন বলেন, বিকাশমান এ খাতে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদন করতে পারলে রপ্তানি বৃদ্ধি পাবে।
তিন দিনব্যাপী এ চশমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ বরকত উল্লা বুলু, এফবিসিসিআই সহসভাপতি আবুল কাশেম হায়দার, বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল হক সিকদার ও মেলা কমিটির চেয়ারম্যান ফজলুল হক জুয়েল বক্তৃতা করেন।
কোরিয়া ও ফ্রান্সের দু’টি কোম্পানিসহ আটাশটি চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। রাজমনী ঈশাখাঁ হোটেলে আয়োজিত তিনদিনব্যাপী চশমা মেলা ২ এপ্রিল শেষ হবে।
