নারী নির্যাতন মামলা তুলে নেয়ার হুমকি দিলেন ওসি: বাদীর অভিযোগ
জেলার শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরি দেবনাথ আসামীদের পক্ষে অবস্থান নিয়ে নারী নির্যাতন মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মামলার বাদী শিল্পী আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তাকে সাথে নিয়ে আসামীপক্ষ উত্তর রাজাপুরে শিল্পী আক্তারের বাড়িতে যান এবং মামলা তুলে নেয়ার জন্য শাসিয়ে আসেন। এরপর আসামীরা বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। বাদীর পক্ষে তার দুই আত্মীয় বিষয়টি জানাতে থানায় গেলে ওসি তাদের গারদে ভরে রাখার হুমকি দিয়ে থানা থেকে বের করে দিয়েছেন।
মামলার বাদী স্ত্রী শিল্পী আক্তার (২৬) বুধবার বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এতে আরো অভিযোগ করা হয়, শিল্পীর কাছ থেকে পুলিশ মোট নয় হাজার টাকা উৎকোচ নিয়েছে।
শিল্পী তার লিখিত বক্তব্যে জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার শ্বশুর শ্বাশুড়ী ও দুই দেবর বিভিন্ন সময় তার ওপর শারিরীক নির্যাতন চালায়। নির্যাতন ও চাপের মুখে তিনি পিতার কাছ থেকে দুই দফায় জমি বিক্রি করে দেড় লাখ টাকা এনে দেন। এর কিছুদিন পর আবারো ৫০ হাজার টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করায় গত ১৬ জানুয়ারী তারা শিল্পীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রথমে শরণখোলা ও পরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা শেষে শিল্পী বাগেরহাট আদালতে দণ্ডবিধি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, শিল্পী হাসপাতালে থাকা অবস্থায় তার শ্বাশুড়ী গত ১৯ জানুয়ারী পুত্র হুমায়ুন কবীর ও পুত্রবধূ শিল্পীর বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগ আরেকটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে শিল্পী এসব বিষয়ের প্রতিকার এবং তার ওপর নির্যাতনকারীদের গ্রেফতারের দাবি জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরি দেবনাথ এই অভিযোগকে কাল্পনিক উল্লেখ করে বলেন, মামলা দায়েরের পর পরই আসামীদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।
