২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা রোধে কম্পিউটারাইজড সিগন্যালিং সিস্টেম প্রবর্তিত হবে: যোগাযোগমন্ত্রী

রেল দুর্ঘটনা রোধে দেশের রেল-যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থায় আধুনিক কম্পিউটারাইজড সিগন্যালিং সিস্টেম প্রবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দেশের রেল-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে সরকার এ পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীদের জীবনের নিরাপত্তা এবং নিরাপদ রেল-চলাচল ব্যবস্থা নিশ্চিত হবে।

যোগাযোগমন্ত্রী বুধবার রেলভবনের সম্মেলন কক্ষে নিরাপদ ট্রেন চলাচল এবং রেল দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে সিলেট-আখাউড়া সেকশনের বারোটি রেলওয়ে স্টেশনে আধুনিক কম্পিউটারাইজড সিগন্যালিং সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৪৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে আগামী দেড় বছরের মধ্যে সিলেট-আখাউড়া সেকশনের ১২টি রেলওয়ে স্টেশনে আধুনিক কম্পিটারাইজড সিগন্যালিং সিস্টেম স্থাপিত হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আব্দুল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষে এবং ভারতের ইরকন রেলওয়ে প্রতিষ্ঠানের পক্ষে মি. বিএস কাপুর চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আ.ফ.ম মোস্তাফিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।