২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসম্পন্ন হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে আসতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের দেয়া বিভিন্ন সুযোগ গ্রহন করে আন্তর্জাতিক মানসম্পন্ন আরও হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে আসতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বুধবার বসুন্ধরা সিটিতে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  আরও বলেন, সেবা ও বানিজ্যের মধ্যে ভারসাম্যের মেলবন্ধন ঘটিয়ে বেসরকারি উদ্যোগে দুনিয়ার সর্বত্র এখন জটিল রোগের চিকিৎসায় আধুনিক হাসপাতাল পরিচালিত হচ্ছে। উন্নত চিকিৎসার পাশাপাশি মেডিকেল গবেষণা সেখানে গুরুত্ব পাচ্ছে। রাজধানী শহরে এই আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরাও আজ সেই ধারার সঙ্গে যুক্ত হলাম।

তিনি বলেন, উন্নত চিকিৎসা সেবার জন্যে আমাদের দেশের রোগীদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবনতা ক্রমশ বাড়ছে। এতে রোগীরাই কেবল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অপচয় হচ্ছে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রারও। এ বিষয়টি আমলে নিয়ে দেশে এই প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে আধুনিক, বিশেষায়িত ও রেফারেল হাসপাতাল স্থাপনে বিভিন্ন ধরণের ইনসেনটিভ চালু করা হয়েছে। ইতিমধ্যে আমরা একটি ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন তৈরি করেছি।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় স্বাস্থ্যনীতি হালনাগাদ করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে সেবার মান নিশ্চিত করার জন্যে আইন প্রনয়নের কাজ চলছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাবরেটরির জন্যে নীতিমালা প্রনয়ন করা হচ্ছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগে স্থাপিত হাসপাতালে প্রযুক্তি হস্তান্তরের বিনিময়ে বিদেশি চিকিৎসক নিয়োগের বিষয়টিও আমরা বিবেচনা করছি। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  অভিজ্ঞ চিকিৎসকদের সাথে কাজ করে আমাদের চিকিৎসকগণও তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারবেন। 

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা প্রদানে বঞ্ছিত ও অভাবী মানুষদের কথাও আমাদের মনে রাখতে হবে। এ্যাপোলো কর্তৃপক্ষ হাসপাতালের মোট বেডের ১০ ভাগ গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্যে বরাদ্দ রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন, অন্যান্যরাও এ্যাপোলোকে অনুসরণ করে ধনি-গরীব নির্বিশেষে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসবে।

হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, এ্যাপোলো হাসপাতালস এন্টারপ্রাইজ লি: এর চেয়ারম্যান ডা: পিসি রেড্ডি, হাসপাতালের উদ্যোক্তা এসটিএস গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনিরউদ্দিন এবং গ্র“পের পরিচালক এম এ মঈন প্রমুখ।

রাজধানীর বসুন্ধরা সিটিতে স্থাপিত এ্যাপোলো হাসপাতাল ভারতের এ্যাপোলো গ্র“পের ৩৭ টি হাসপাতালের মধ্যে বৃহৎ। চার লাখ বর্গফুট আয়তন এলাকায় ১০ তলা ভবনে হাসপাতাল চালু হয়েছে।  প্রথমে ১৫০টি বেড নিয়ে যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে বেডের সংখ্যা হবে সাড়ে চার শত। আগামী সেপ্টেম্বরে হাসপাতালে একটি নার্সিং ইনস্টিটিউট চালু হচ্ছে। ভবিষ্যতে একটি মেডিকেল কলেজও চালু করা হবে।