বাংলাদেশে ২৩ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত করা হয়েছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
বাংলাদেশে প্রায় ২৩ হাজার শিশুকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রগুলো ছিল, বিড়ি ও ম্যাচ কারখানা, ট্যানারি, নির্মাণ এবং গৃহস্থালি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত ‘সাপোর্টিং হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি: দি ইউএস রেকর্ড ২০০৪-০৫’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে আরও বলা হয়, ৩০ হাজারেরও বেশি শিশু শ্রমিককে আনুষ্ঠানিক বা উপ আনুষ্ঠানিক কিংবা কারিগরি শিক্ষার অধীনে আনা হয়েছে। প্রতিবেদনটি স্টেট ডিপার্টমেন্ট সোমবার ইউএস কংগ্রেসে পেশ করেছে।
ঝুঁকিপূর্ণ শিশু শ্রম দূরীকরণ, কর্মজীবী নারীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, অনানুষ্ঠানিক ক্ষেত্রে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা প্রদানের মত কর্মসূচীতে যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট ও ইউএসএইড আর্থিক সাহায্য করে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) একটি প্রকল্পের আওতায় বিড়ি ও ম্যাচ কারখানা, ট্যানারি, নির্মাণ কাজ ও গৃহস্থালিতে শিশু শ্রম দূরীকরণের কার্যক্রম বাস্তবায়ন করছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
সেখানে আরও বলা হয়, যেহেতু সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে, তাই যুক্তরাষ্ট্র এর দূতাবাসের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির ভিত্তিকে সুসংহত করতে স্থানীয় রাজনীতিতে সংস্কার আনার পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ সরকার জাতীয় সংসদে আইন পাশ করে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে এসোসিয়েশন করার স্বাধীনতা দিলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় দূতাবাস আইনটির বাস্তবায়ন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে বলা হয়।
এছাড়া মানব পাচার রোধে বাংলাদেশ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
