বাঁধে ফাটল: কিশোরগঞ্জের হাওড় এলাকার ২০ হাজার হেক্টর জমির ধান বিনষ্টের আশংকা
জেলার ইটনা থানার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলীয় ৫টি থানার ২০ হাজার হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে যাবে বলে আশংকা করছে এলাকাবাসী।
কয়েক দিন ধরেই ভারতের পূর্বাঞ্চলীয় পাহাড়ী ঢলের পানি সিলেটের কুশিয়ারা নদী দিয়ে প্রবল বেগে নেমে আসছে। ইটনা থানায় স্রোতের তোড়ে কালকিনি নদীর বেড়মোহনা বাঁেধর ৫ কিলোমিটার জায়গায় ফাটল দেখা দিয়েছে।
এ ব্যাপারে অতিদ্রুত ব্যবস্থা না নিলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নেত্রকোণার খালিয়াজুড়ি এবং সুনামগঞ্জের শাল্লা হাওর থানার ২০ হাজার হেক্টর বোরো জমি তলিয়ে যাবে।
ইটনা থানার একটি সেচ প্রকল্পের পরিচালনা পরিষদের সভাপতি শাহীন আহমেদ সাংবাদিকদের জানান, গত এক বছরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাধঁ রক্ষার জন্য এক ঝাঁপ মাটিও ফেলা হয়নি।
হাওর এলাকার প্রধান ফসল বোরো ধান। বোরো ধান তলিয়ে গেলে বিপুল পরিমাণ খাদ্য ঘাটতি দেখা দিবে-যা দেশের খাদ্যব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং হাওরবাসীকে বিপদগ্রস্ত করে তুলবে।
