তিন দিনের মধ্যে দাবি না মানলে ধর্মঘট ডাকা হবে: বাস কোম্পানি সমিতি
তিন দিনের মধ্যে দাবি না মানা হলে পরিবহন ধর্মঘট ডাকা হবে। বাস কোম্পানি সমিতির ব্যানারে নগরীর কমপক্ষে ৩৫ টি বাস কেম্পানির মালিক এবং নির্বাহীরা মঙ্গলবার এ হুমকি দেয়।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, নগরীর বিভিন্ন পথে বাস চালানোর সময় তাদেরকে বিবিধ সমস্যা মোকাবেলা করতে হয়।
সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হামিদ শরীফ বলেন, “সরকারের অনুরোধে রাজধানীর রাস্তায় বিভিন্ন ধরনের বাস নামানো হলেও এক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাচ্ছি না।”
তিনি বলেন, সিটি কর্পোরেশন নগরীর ফুটপাথ থেকে তাদের পাঁচশতাধিক টিকিট কাউন্টার উচ্ছেদ করেছে। চার বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও সরকার এখনও নীতি ও রোড পারমিট ব্যবস্থা সম্পন্ন করেনি।
সম্মেলনে সমিতির নেতারা আগামী তিনদিনের মধ্যে উচ্ছেদ করা সকল টিকিট কাউন্টার পুন:স্থাপনের জন্য সিটি কর্পোরেশনের কাছে দাবি জানায়।
এছাড়া তারা সরকারের কাছে নগরীর বিশেষ বাস সার্ভিসগুলোর জন্য একটি সুষ্ঠু নীতি প্রনয়নের দাবি জানায়।
