বাংলাদেশে সুমাত্রা ভূমিকম্পের প্রতিক্রিয়া, লিড
সোমবার রাতে চট্টগ্রামে রিখটার স্কেলে ৫ মাত্রার মৃদু ভূ-কম্পন সংঘটিত হয়। তবে কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ভূ-কম্পন পর্যবেক্ষন কেন্দ্রের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, সুমাত্রায় সংঘটিত ভূমিকম্পের দুরবর্তী প্রভাব পড়ে চট্টগ্রাম অঞ্চলেও। রাত ১০:১৪ মিনিট থেকে ৪৪ সেকেন্ড ধরে ভূ-কম্পনটি অনুভূত হয়।
ভূ-কম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে ৪২৮ কিলোমিটার দূরে।
চট্টগ্রামের মতো লক্ষ্মীপুরেও সোমবার রাতে দু দফায় ভূমিকম্প হয়েছে। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি ঘটেনি।
রাত ১০টা ২৯ ও ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় পুকুর ও জলাশয়ের পানি উপচে পাঁচ/সাত হাত পর্যন্ত আছড়ে পড়ে। মেঘনার পানিও অস্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হতে থাকে।
কুয়াকাটা থেকে প্রাপ্ত খবরে জানা যায়, ভূমিকম্পের প্রভাবে গোটা উপকূলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
সাগর প্রচন্ড ঢেউয়ে উত্তাল হয়ে উঠায় সহস্রাধিক মাছ ধরার ট্রলার মৎস্য বন্দর মহীপুর ও আলীপুরে আশ্রয় নিয়েছে।
সোমবার মধ্যরাতে মানুষ দেখতে পায় পুকুরের জল এক পাশ থেকে অন্য পাশে গিয়ে আছড়ে পড়ছে। এ অবস্থা চলে প্রায় আধ ঘন্টা ধরে।
