২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযানে সীমানা খুঁটির ম্যাগনেট ও বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার ১

সাভারে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে র‌্যাব সোমবার ২৫ লাখ টাকা মূল্যের সীমানা খুঁটির ম্যাগনেট, পাঁচটি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, নিষিদ্ধ ফেনসিডিল এবং ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অবৈধ জিনিসপত্র বহনের দায়ে র‌্যাব আব্দুর রাজ্জাক (৩০) নামে এক জনকে এ সময় গ্রেফতার করেছে।

র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার কমান্ডার সাবের শরীফ বিডিনিউজ এর কাছে গ্রেফতারকৃত যুবক শক্তিশালী পাচারকারী সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

কমান্ডার সাবের বলেন, গ্রেফতারকৃত রাজ্জাকের বাড়ি শরীয়তপুর জেলায়। উদ্ধারকৃত সীমানা খুঁটির মূল্য ২৫ লাখ টাকা বলে সে  জানিয়েছে।

র‌্যাব-৪ এর সেকেন্ড ইন কমান্ড এহতেশামুস সামাদ জানান, র‌্যাব এ ঘটনার সাথে জড়িত নাসিরকে খুঁজছে। নাসিরের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের কাছ থেকে এসব আগ্নেয়াস্ত্র এবং মূল্যবান সামগ্রী নাসিরের গ্রহণ করার কথা ছিল।

মেজর সামাদ বলেন, এ ঘটনার সাথে জড়িত সিদ্দিক ও হালিকে  গ্রেফতারের জন্য আমরা ঢাকার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে র‌্যাব সাড়ে এগারোটার দিকে ঝিনাইদহের শৈলকূপা থেকে ছেড়ে আসা বাস আনন্দ ডিলাক্স পরিবহনকে সাভারে আটক করে এবং চারটি পিস্তল ও একটি পাইপ গান, ১৪ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি ম্যাগজিন, ২৫০ বোতল ফেনসিডিল ও ১০২টি ভারতীয় শাড়ি উদ্ধার করে এবং রাজ্জাককে গ্রেফতার করে।

এ ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে।