বাংলাদেশে অষ্ট্রেলিয়ার নাগরিকদের ‘উচ্চ মাত্রার সতর্ক’ থাকার পরামর্শ
বাংলাদেশে অবস্থানরত অষ্ট্রেলিয়ার নাগরিকদের ‘উচ্চ মাত্রার সতর্ক’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অষ্ট্রেলীয় সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এন্ড ট্রেডের এক সাম্প্রতিক পরামর্শে বলা হয়, “বাংলাদেশের সন্ত্রাসীচক্র পশ্চিমা স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা নিতে পারে বলে আমাদের আশংকা রয়েছে।
ওই পরামর্শে বলা হয়, এ ধরনের হামলা যে কোন স্থানে যে কোন সময় ঘটতে পারে। এসব স্থানের মধ্যে রয়েছে বাণিজ্যিক এলাকা, জনসমাগমের স্থল, হোটেল, ক্লাব, রেস্টুরেন্ট, বার, স্কুল, বাজার, প্রার্থনার স্থান, বিনোদন ও পর্যটনের কেন্দ্র।
অপহরণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সংঘাতের অতি মাত্রায় ঝুঁকি থাকার কারণে অষ্ট্রেলিয়ার নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে কোন ধরনের ভ্রমন এড়িয়ে চলার পরামর্শও এতে দেওয়া হয়।
ঢাকায় অষ্ট্রেলিয়ার দূতাবাসের একজন কর্মকর্তা সোমবার ওই ‘ট্রাভেল এলার্টে’র সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “এই মাসের শুরুতে সতর্ক নির্দেশটি পাঠানো হয় এবং তা এখনও পর্যন্ত বহাল রয়েছে।”
অষ্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এন্ড ট্রেডের ওই পরামর্শে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়গুলোতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ইসলামি উগ্রবাদীরা আভাস দিয়েছে যে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
ওই পরামর্শে আরো বলা হয় যে অষ্ট্রেলিয়ার ভ্রমনকারীদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তাদেরকে অবশ্যই ভ্রমন সংক্রান্ত সাধারন সতর্ক নির্দেশের পাশাপাশি এই সতর্ক নির্দেশ অনুসরণ করতে হবে।
সেখানে আরও উল্লেখ করা হয়, যেহেতু বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তাই যে কোন সময় যে কোন স্থানে সমস্যা দেখা দিতে পারে। বলা হয়, স্বল্প সময়ের ব্যবধানে দেশের যে কোন স্থানে রাজনৈতিক দলগুলো হরতাল ও বিক্ষোভের মতো কর্মসূচী গ্রহণ করে থাকে।
রাজনৈতিক কর্মসূচীতে পুলিশ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সহিংস সংঘাত ও গুলি বিনিময়ের ঘটনা ঘটতে পারে বলে ওই পরামর্শে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিগুলোতে বেশ কটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
হরতালের কারনে বিদেশিরা বাংলাদেশের যে কোন স্থানে যে কোন সময় আটকে যেতে পারে বলেও উল্লেখ করা হয়। বলা হয়, হরতালের সময় যানবাহন চলাচল, দোকানপাট, বাণিজ্যিক কার্যালয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকে।
আরও বলা হয়, শুক্রবার দুপুরে নামাজের পর সহিংস ঘটনা ঘটার যথেষ্ট আশংকা রয়েছে।
চাঁদার দাবিতে ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তিন জন বিদেশি পরামর্শককে অপহরণ করার প্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে অষ্ট্রেলিয়ার নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমনে নিরুৎসাহিত করা হয়েছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন গোত্রের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় সেখানে নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক অবস্থায় রয়েছে বলে ওই পরামর্শে উল্লেখ করা হয়।
