২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে: ছাত্র ফ্রন্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বিপর্যয়, সিলেবাস প্রণয়নসহ নতুন নিয়ম প্রবর্তন হচ্ছে ছাত্র ছাঁটাইয়ের পরিকল্পিত পদক্ষেপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের নেতারা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে  সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইডেন কলেজের সভাপতি কৃষ্ণা মণ্ডল লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, ১০ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্ট-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের অধিকাংশই অকৃতকার্য  হয়েছে। আবার পার্ট-২ ও পার্ট-৩ এ অধ্যয়নরত ছাত্র- ছাত্রীদের মধ্যে যারা পূর্বে অকৃতকার্য হওয়া পার্ট-১ এর এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দিয়েছিলো তাদের অনেকেই অকৃতকার্য হয়। ফলে দেখা যায় প্রচুর ছাত্র- ছাত্রী অকৃতকার্য হয়।

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছরের কোর্সকে চার বছর মেয়াদী কোর্সে উন্নীত করার মাধ্যমে ছাত্র-শিক্ষকদের ওপর অপরিকল্পিতভাবে সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছে। আবার কোনো একটি  বিষয়ে অকৃতকার্য হলে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিলেই চলে। কিন্তু এখন এ নিয়ম প্রযোজ্য নয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন, ঢাকা কলেজের মাসুদ রানা, জগন্নাথ কলেজের ইমরানুর রহমান প্রমুখ ছাত্র নেতা।