২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভূমিহীন নির্যাতনের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি

সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার তিনটি ভূমিহীন জনপদে গত ২৭ ফেব্র“য়ারি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি করেছে পাঁচ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ্যাকশন এইড, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র, এএলআরডি এবং সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট এই দাবি জানায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত ২৭ ফেব্র“য়ারি কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার তিনটি ভূমিহীন জনপদ বৈরাগির চর, চিংড়িখালি ও বসুখালিতে তিন শতাধিক ভূমিহীন পরিবারকে ভূমিদস্যুরা জোরপূর্বক উচ্ছেদের অপচেষ্টা করে। স্থানীয় শোভনালী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহব্বত মীর, জাহাঙ্গীর মীর, রওশন মীর, মতলেব খাঁ প্রমুখের নেতৃত্বে কয়েক হাজার সশস্ত্র সন্ত্রাসী ব্যাপক গুলি বর্ষণ করে, বোমা ফাটিয়ে ভূমিহীন বসতিতে আক্রমণ চালায়। তারা ব্যাপক লুটপাট, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, বহুজনকে আহত ও কয়েকজন নারীকে ধর্ষণ করে। আহতদের মধ্যে ছবিরন বিবি নামে একজন পরে হাসপাতালে মারা যায়।

জাতীয় পত্র-পত্রিকায় এ ঘটনা প্রকাশিত হলে উপরোক্ত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ নিজস্ব উদ্যোগে তদন্ত করে।

সংস্থা সমূহের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করলেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি।

তারা আরও জানান, এই ঘটনায় ভূমিহীন এবং হামলাকারী, উভয় পক্ষ থেকেই সংশ্লিষ্ট থানাসমূহে একাধিক মামলা দায়ের করা হয়। ঘটনার পর ইতোমধ্যে প্রায় মাস খানেক অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত চূড়ান্ত তদন্ত রিপোর্ট দেয়নি।

তদন্তকারী পাঁচটি বেসরকারী সংস্থা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুমিহীনদের পুনর্বাসন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ও আহত ভূমিহীন এবং ধর্ষিতাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নির্মিত ও ঘটনাস্থলে চিত্রায়িত একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।

তদন্তকারী দলের পক্ষ থেকে নূর খান, তৌহিদ ইবনে ফরিদ, বনশ্রী মিত্র এবং তপতী ভট্টাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া এ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর নাসরিন হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।