২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই তদন্ত দল হবিগঞ্জ থেকে ফিরেছে

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই’র বিশেষ এজেন্ট ট্রুং ভু এবং তার সহযোগীরা টানা দুই দিন পরিদর্শন শেষে সোমবার দুপুরে হবিগঞ্জ ত্যাগ করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সফরকালে দলটি বৈদ্যেরবাজারে নৃশংস গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থক, এলাকাবাসী এবং অভিযুক্ত বিএনপি নেতাদের পরিবারের সাথে কথা বলেন। 

পুলিশ সূত্র জানায়, ট্রুং এবং তার দুই সহকারী ৬৬ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে তিন জনের সাথে স্থানীয় সার্কিট হাউজে গ্রেনেড হামলা সম্পর্কে কথাবার্তা বলেন।

প্রত্যক্ষদর্শী- ইদ্রিস মিয়া, আলী আসগর এবং সঞ্জব আলী  হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের ২৭ জানুয়ারীর জনসভায় সংঘটিত নৃশংস গ্রেনেড হামলার বিবরণ দেন।

হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থক প্রাণ হারান। আহত হয় কমপক্ষে ৭০ জন।

এফবিআই দলটি ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক স্থানীয় বিএনপি নেতা জয়নাল ওরফে মোমিনের পরিবারসহ আটক অন্য আসামিদের পরিবারের সাথে ঘটনা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেন বলে পুলিশ সূত্র জানায়। কিবরিয়ার জনসভায় মোমিন গ্রেনেড ছুঁড়েছিল বলে পুলিশ জানায়।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দলটি তাদের আলাপচারিতায় অভিযুক্তদের পরিবারের কাছে অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে চায়। ঘটনার আগে ও পরে তাদের অবস্থান, বিশেষ করে তাদের গতিবিধি সম্পর্কে পরিবারের সদস্যদের কাছে এফবিআই দলটি প্রশ্ন করে বলে পুলিশ সূত্র জানায়।

এর আগে রোববার এফবিআই দলটি জেলা কারাগারে আটক, গ্রেনেড হামলার মূল আসামি হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং জিয়া স্মৃতি গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ুমের সাথেও কথা বলে।

এফবিআই দলটি কাইয়ুুমের কাছে গ্রেনেডের উৎস সম্পর্কে জানতে চায় বলে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়।

হবিগঞ্জ ত্যাগ করার আগে জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপকালেও এফবিআই দলটি গ্রেনেডের উৎস সন্ধানের ওপর জোর দেন। 

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হামলায় ব্যবহৃত গ্রেনেডের উৎস চিহ্নিত করার ওপরই বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দলটি জোর দিচ্ছে।

এছাড়া, হবিগঞ্জ পুলিশ বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলার পর বিস্ফোরক আইনে দায়েরকৃত দ্বিতীয় মামলার তদন্তে জোর দিয়েছে।

রোববার এফবিআই দলটি সকাল ১১টায় বৈদ্যের বাজারে যায়। সেখানে তারা প্রায় এক ঘন্টার মতো অবস্থান করে। এ সময় বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিডিও ক্যামেরা দিয়ে স্থানটির চিত্র ধারণ করে। তখন সিলেটের ডিআইজি একটি ম্যাপের মাধ্যমে হামলাকারীদের অবস্থান এবং ঘটনাস্থলগুলো তাদের দেখিয়ে দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দলটি পায়ে হেঁটে বৈদ্যের বাজারে অবস্থিত এ হত্যা মামলার অন্যতম আসামি জমির আলীর স’মিলে যায় এবং স’মিলের কর্মচারী ও হত্যা মামলার সাক্ষী ইদ্রিস আলীর সাথে কথা বলে।

এ সময় এফবিআই তদন্ত দলে ট্রুং এম ভুর সাথে ছিলেন ব্রেইন আর পিটারসন ও নিকোলাস সি পোটার।

এছাড়া, সিলেট রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, বিস্ফোরক মামলার তদন্তকারী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শফিউজ্জামান ও গোয়েন্দা সংস্থার অন্যান্য সদস্য সঙ্গে ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ এফবিআই দলটি ঢাকা আসে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে।

পুলিশ ১০ জন স্থানীয় বিএনপি নেতাকে অভিযুক্ত করে ১৯ মার্চ চার্জশীট প্রদান করে।

এছাড়া ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত অপর মামলার চার্জশিট শিগগিরই প্রদান করা হবে পুলিশ সূত্র জানায়।