বগুড়া হাসপাতালে শিশু চুরির অভিযোগে এক মহিলা ৩ দিনের রিমান্ডে
হাসপাতাল থেকে দুটি শিশু চুরির অভিযোগে নাসিমা বেগম (২০) নামে এক মহিলা তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। পুলিশের কাছে নাসিমা বলেছে, মায়ের ওষুধের টাকা যোগাড় করতে গিয়ে সে এ কাজ করেছে।
নাসিমার জবানবন্দির বরাত দিয়ে থানা সূত্র জানায়, এক বছর আগে নাসিমার স্বামী রুবেল তাকে তালাক দেওয়ার পর সে মায়ের বাড়িতে আশ্রয় নেয়। গত জানুয়ারি মাসে তার মাকে অসুস্থ অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু টাকার অভাবে সে মায়ের জন্যে ওষুধ কিনতে পারে না।
এ অবস্থায় এক নার্স ও ব্রাদার তাকে প্রস্তাব দেয়, সে যদি একটি শিশু চুরি করে জয়পুরহাট পৌঁছে দিতে পারে, তাহলে পাঁচ হাজার টাকা ও ওষুধ দেওয়া হবে। প্রস্তাবে রাজি হয়ে প্রায় আড়াই মাস আগে প্রসূতি বিভাগ থেকে সে একটি শিশু চুরি করে। বিনিময়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও দালালরা তাকে মাত্র দু হাজার টাকা দেয়।
এরপর ওই শিশু পাচারকারী চক্র ২৫ মার্চ নাসিমাকে আবারও টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে আনে। শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশু সেলিমের মা বাথরুমে গেলে নাসিমা শিশুটিকে চুরি করে জয়পুরহাট যাওয়ার জন্য শহরতলির গোদারপাড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে এলে জনগণ শিশুসহ নাসিমাকে আটক করে পুলিশে দেয়।
তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন রোববার জিজ্ঞাসাবাদে নাসিমা বেগম পুলিশের কাছে জানায়, ওই হাসপাতালে কর্মরত এক নার্স ও ব্রাদার শিশু চুরির সাথে জড়িত।
নাসিমা আরও জানায়, চুরি করা প্রথম শিশুটি হাসপাতালের লোকজনের সহায়তায় জয়পুরহাট শহরে এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেয়। তবে তাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।
সদর থানার দারোগা ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুর হোসেন জানান, গত শনিবার রাতে তাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, নাসিমার বর্ণনা অনুসারে এ পাচারকারী চক্রের সাথে জয়পুরহাটের একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা জড়িত রয়েছে।
এ ব্যাপারে সেলিমের বাবা লিটন এবং বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরুন নাহার বাদি হয়ে সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করলেও পুলিশ চুরি হওয়া প্রথম শিশুটিকে আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
