২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান নিয়ন্ত্রণ আইন’র গেজেট থানায় পৌঁছায়নি, বিপাকে পুলিশ

সারাদেশে ধূমপান নিয়ন্ত্রণ আইন শনিবার স্বাধীনতা দিবস থেকে কার্যকর করা হয়েছে। কিন্তু ঢাকা মহানগরী পুলিশের (ডিএমপি) ২২টি থানায় এই আইনের গেজেট না পৌঁছানোয় আইনটি কার্যকর করা হবে কি ভাবে, এ প্রশ্নে পুলিশ এখন বিপাকে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ডিএমপি কমিশনার মিজানুর রহমান বিডিনিউজের কাছে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমরা এখনও ওই আইনের গেজেট হাতে পাইনি।’

তিনি বলেন, ‘গেজেট পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেবো আইনটি কি ভাবে কার্যকর করা হবে।’

এদিকে ডিএমপির ২২ টি থানার মধ্যে মতিঝিল, রমনা, সূত্রাপুর, কোতয়ালী, ধানমণ্ডি, মোহাম্মদপুর, গুলশানসহ বেশ কয়েকটি ব্যস্ততম থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গেজেটের অভাবে পুলিশের পক্ষে ওই আইনটি কার্যকর করা সম্ভব হয়নি। বেশ কয়েকজন ডিউটি অফিসার জানান, আইনটি কি ভাবে কার্যকর করা হবে, সে সম্পর্কে এখনও তাদের কাছে কোনো দিক নির্দেশনা আসে নি।

জাতীয় সংসদে চলতি ১৩ মার্চ ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫’ পাশ হয়। রাষ্ট্রপতির সম্মতির পর স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে ২৬ মার্চ থেকে আইনটি কার্যকর হবে বলে ঘোষণা দেয়।

ওই আইনে জনসমাগমের স্থান ও যানবাহনে ধূমপান নিষিদ্ধ করা হয়। আইন অমান্যকারীদের জন্য ধার্য করা হয় ৫০ টাকা জরিমানা।