বিদ্যুত সংকটের কারনে রপ্তানিযোগ্য শিল্পের খরচ বাড়ছে: আশু সমাধান চাইছে উদ্যোক্তারা
দেশের শিল্প উদ্যোক্তা এবং শিল্প মালিকরা শনিবার বলেছেন, অব্যাহত বিদ্যুত সংকটের কারনে রপ্তানিযোগ্য গার্মেন্টস শিল্পে খরচ অনেক বেড়ে গেছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তারা বিদ্যুত সংকটের আশু সমাধান কামনা করেন।
দেশের শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন, অব্যাহত লোডশেডিংয়ের পরেও নিজেদের উৎপাদন অব্যাহত রাখতে তাদের জেনারেটর ব্যবহার করতে হচ্ছে । ফলে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। বিডিনিউজের সাথে সাক্ষাতকারে শিল্প মালিকরা এই সংকট নিরসনে বিকল্প কিছু করে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারকে আহবান জানিয়েছেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজর (এমসিসিআই) প্রেসিডেন্ট কুতুবউদ্দিন আহমেদ বলেছেন, এই সংকট নিরসনে আমাদের মত মাঝারি শিল্প মালিকদের জন্য সরকারের একটি জাতীয় পরিকল্পনা করা উচিত। কুতুবউদ্দিন জানিয়েছেন, বিদ্যুত সংকট আমাদের খরচ অনেক বাড়িয়ে দেয়। তিনি বলেন, একটি ডিজেল চালিত জেনারেটর স্থাপন করতে গেলে প্রায় বিশ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করতে হয় যা একজন শিল্প মালিক তার উৎপাদন কাজে লাগাতে পারতো।
তিনি বলেন, প্রয়োজনে সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুত সংকট নিরসনে একসাথে কাজ করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত এক জরিপে দেখা যায় বিদ্যুত সংকটের কারনে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৭৭.৮ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়। এই খরচ শিল্পে জিডিপির ১১.৫৪ শতাংশ। জাতীয় জিডিপির ১.৭২ শতাংশ আসে শিল্পখাত থেকে।
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানান, দেশে বর্তমানে প্রতিদিন ৬০০ মেগাওয়াট লোডশেডিং রয়েছে। গ্রীস্মকালে তা বেড়ে ১০০০ মেগাওয়াট পর্যন্ত দাড়ায়। স্থানীয় শিল্পকারখানার ৭২ ভাগেরই নিজস্ব জেনারেটর চালাতে হয় বলে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় বলা হয়। এত আরও বলা হয় বিদ্যুত সংকটের কারনে প্রতিটি শিল্প কারখানায় গড়ে অতিরিক্ত ২০,০০০ ডলার খরচ হয়। ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে একটি জেনারেটর কিনতে ১০০০ মার্কিন ডলার এবং বড় শিল্প কারখানায় ৫,০০,০০০ ডলার পর্যন্ত খরচ হয়।
সেপাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার এসাসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক টিপু মুন্সী জানান, বিদ্যুত সংকট নিরসনে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। গার্মেন্টসসহ রপ্তানিযোগ্য সমস্ত শিল্পের জন্য সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। বাংলাদেশ টেক্সটাইলস মিলস এসাসিয়েশন(বিটিএমএ)-এর প্রেসিডেন্ট এম এ আউয়াল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সংকট নিরসনে এবং মাঝারি মানের টেক্সটাইল শিল্পে ক্ষতি কমাতে সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের যৌথ প্রকল্পে একটি সম্বন্বিত বিদ্যুত ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। এ ধরনের যৌথ প্রকল্পে স্টক এক্সচেঞ্জগুলো বিনিয়োগ করতে পারে বলে তিনি মত দেন।
